Sunday, October 30, 2016

নোবেল পেয়ে ‘ভাষা হারান’ বব ডিলান


Image result for ডিলান

অবশেষে নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে রহস্যময় দীর্ঘ নীরবতা ভাঙলেন খ্যাতিমান মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান। তিনি জানিয়েছেন, আসলে নোবেল পাওয়ার খবরে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। সে কারণেই এত দিন নীরব ছিলেন। নোবেল ফাউন্ডেশন গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিউসকে টেলিফোন করে বব ডিলান বলেছেন, ‘নোবেল পুরস্কার বিজয়ের খবর আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি।’
সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় নোবেল পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে বিশিষ্ট এই শিল্পী উপস্থিত থাকবেন কি না, তা স্পষ্ট করে বলা হয়নি নোবেল ফাউন্ডেশনের বিবৃতিতে।
তবে যুক্তরাজ্যের সংবাদপত্র টেলিগ্রাফ এক খবরে বলেছে, ডিলান তাদের জানিয়েছেন, ‘যদি সম্ভব হয়, তাহলে আমি অবশ্যই যাব।’ পত্রিকাটিকে এক সাক্ষাৎকারে ডিলান নোবেল পুরস্কার বিজয়কে ‘বিস্ময়কর, অবিশ্বাস্য’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটা বিশ্বাস করা কঠিন। এমন স্বপ্ন কজনইবা দেখতে পারে?’


সর্বশেষ গতকাল শনিবার সুইডিশ একাডেমি বলেছে, স্টকহোমের অনুষ্ঠানে বব ডিলানকে থাকতেই হবে এমন কোনো কথা নেই। তবে তিনি চাইলে যেকোনো উপায়ে নিজের কোনো বক্তব্য কিংবা গান সম্প্রচারের ব্যবস্থা করতে পারেন সেখানে।
সুইডেনের একটি রেডিওকে সারা দানিউস বলেন, ডিলান চাইলে যেকোনো কিছুর ব্যবস্থা করতে পারেন। সেটা হতে পারে কোনো সংক্ষিপ্ত বক্তব্য, ভিডিও সম্প্রচার, এমনকি কোনো গান। তিনি বলেন, ‘আমি আশা করছি, যেটা ইচ্ছা হয়, তিনি তা করবেন। অনুষ্ঠান সার্থক করতে ডিলানের ইচ্ছাপূরণে যা প্রয়োজন, সুইডিশ একাডেমি তা করবে।’
মার্কিন সংগীতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে তহবিল সংগ্রহের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের জন্য বাংলাদেশের সঙ্গেও জড়িয়ে আছে ডিলানের নাম। তিনি নোবেল পুরস্কার পাওয়ায় বাংলাদেশেও অনুরাগীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। কিন্তু পুরস্কার ঘোষণার পর থেকেই তিনি ছিলেন নীরব। এই নীরবতা অনেকের মনেই প্রশ্নের জন্ম দেয়, ডিলান কি পুরস্কার নিতে স্টকহোমে যাচ্ছেন? নাকি পুরস্কার বর্জন করতে চলেছেন?
সুইডিশ লেখক ও সুইডিশ একাডেমির সদস্য পার ওয়াস্টবার্গ গত সপ্তাহে বলেন, ডিলানের এই নীরবতা ‘অভদ্র এবং অহংকারী’ আচরণ। তাঁর এ মন্তব্যের পর শিল্পীর নোবেল পুরস্কার গ্রহণ নিয়ে ওঠা সংশয় আরও গাঢ় হয়।
তবে সারা দানিউস জানান, গত মঙ্গলবার তাঁকে ফোন করেন বব ডিলান। ১৫ মিনিট কথা বলেন তাঁরা। সুইডিশ বার্তা সংস্থা টিটিকে সারা দানিউস বলেন, টেলিফোনের আলাপচারিতায় ডিলান ছিলেন ‘নম্র, বন্ধুত্বপূর্ণ এবং মজার’।

বিমার টাকা পেতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড



Image result for বিমার টাকা

পিরোজপুরে বিমার টাকা পাওয়ার লোভে জেসমিন আক্তার (৮) নামের এক শিশুকে হত্যার দায়ে তার বাবা মহারাজ হাওলাদারকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি মহারাজকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
সাজাপ্রাপ্ত মহারাজ মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহারাজ তাঁর শিশুসন্তান জেসমিন আক্তারের নামে পপুলার লাইফ ইনস্যুরেন্সে ১ লাখ ২০ হাজার টাকার একটি জীবনবিমা করেন। ২০০৫ সালের ৪ মে রাতে জেসমিনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি খালে ফেলে দেন মহারাজ। এরপর তিনি পানিতে ডুবে জেসমিন মারা গেছে বলে এলাকাবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্বাসরোধে জেসমিনের মৃত্যু হয়েছে। এরপর ওই বছরের ২৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহারাজের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০০৬ সালের ১৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারেজ তালুকদার মহারাজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিমার টাকা পাওয়ার জন্য মহারাজ তাঁর মেয়েকে হত্যা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আজ মহারাজকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। জেসমিনের মৃত্যুর কয়েক বছর আগে তাঁর মায়ের সঙ্গে মহারাজের বিচ্ছেদ ঘটে।
গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
একই আদালতের বিচারক আজ আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী সেলিম ব্যাপারীকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেলিম ব্যাপারী একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী ব্যাপারীর ছেলে। রায় ঘোষণার সময় সেলিম ব্যাপারী আদালতে উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ৮ জুলাই ভোরে দাম্পত্য কলহের জের ধরে সেলিম ব্যাপারী তাঁর স্ত্রী আকলিমাকে মারধর করেন। একপর্যায়ে তিনি আকলিমাকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় আকলিমার ভাই আবুল কালাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।

বাড়ি সংস্কার নিয়ে ঝামেলায় হিলারি


Image result for হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন শহর কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই তাঁর বাড়ি মেরামত ও পুনর্বিন্যাসের কাজ করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শহর কর্তৃপক্ষ তদন্ত করে এর সত্যতা পেয়েছে। অনুমতি না পাওয়া পর্যন্ত সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গত গ্রীষ্মে নিউইয়র্কের বিলাসবহুল এলাকা উয়েস্টচেস্টার এলাকার চাপাকুয়াতে ১৬ লাখ ডলার দিয়ে একটি বাড়ি কেনেন ক্লিনটন দম্পতি। অক্টোবরের প্রথম দিকে ওই বাড়ির গাছ কাটার বিষয়টি নজরে এলে এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাড়ি পরিদর্শনে গিয়ে দেখেন, সমস্যা আরও গভীরে। ভবন পরিদর্শক দেখতে পান, অনুমতি না নিয়ে বাড়িটি পুনর্বিন্যাস করা হয়েছে। রান্নাঘরকে করা হয়েছে আধুনিকায়ন। নতুন করে হিটিং ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বাড়ির কাঠামো পরিবর্তন করে আধুনিকায়ন করা হয়েছে একটি সুইমিংপুলও। গত আগস্ট মাস থেকে শুরু হওয়া এসব কাজের জন্য শহর কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে পরিদর্শনে বেরিয়ে আসে।


গতকাল শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শহরের ভবন পরিদর্শক উইলিয়াম মাসকিল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন। মাসকিল তাঁর প্রতিবেদনে বলেছেন, ভবন নির্মাণে বেশ কিছু নিয়মনীতি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে ১৭ অক্টোবর বাড়ির মালিককে একটি চিঠি দেওয়া হয়েছে। ২১ অক্টোবর পুনরায় পরিদর্শনে গিয়ে অনুমতি না নেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাড়ির মালিক ইচ্ছা করলেই নকশা পরিবর্তন, পরিবর্ধন বা পুনর্বিন্যাস করতে পারেন না। এ জন্য যথাযথভাবে আবেদন করতে হয়। কর্তৃপক্ষ এ বিষয়ে এলাকাবাসীর মতামত নিয়ে ইতিবাচক সাড়া পেলে তবেই অনুমতি দিয়ে থাকে। অনুমতি ছাড়া এ ধরনের কাজ করা হলে বাড়ির মালিককে বড় মাপের জরিমানার সম্মুখীন হতে হয়।

ট্রাম্প-সমর্থকের ভোট জালিয়াতি


Image result for ট্রাম্প

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি হবে। তাঁর এ রকম অভিযোগের মধ্যেই জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হলেন ট্রাম্পের সমর্থক টেরি লিন রোট। তাঁর দাবি, কারচুপি হবে মনে করেই তিনি জাল ভোট দিতে গিয়েছিলেন।

গতকাল শনিবার থেকেই আইওয়া অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। পল্ক কাউন্টির তালিকাভুক্ত রিপাবলিকান-সমর্থক টেরি লিন রোট ভোট জালিয়াতির জন্য গ্রেপ্তার হয়েছেন। আগাম ভোট দেওয়ার সুযোগ নিয়ে টেরি রোট প্রথম দফা কাউন্টি ভোটকেন্দ্রে ভোট দেন। এরপর দ্বিতীয় দফা ভোট দিতে হাজির হন কাউন্টির ভ্রাম্যমাণ একটি ভোটকেন্দ্রে। টেরিকে ভোট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর পাঁচ হাজার ডলারের বিনিময়ে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আগামী ৭ নভেম্বর তাঁকে আবার আদালতে হাজিরা দিতে হবে।


জামিন পাওয়ার পর টেরি বলেন, প্রথম দফা ভোট দিয়ে তাঁর মনে হয়েছে, সেটি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে চলে যাবে। এ কারণে দ্বিতীয় দফা ভোট দিতে গেছেন, যাতে সেটি ট্রাম্পের ঘরেই যায়। নির্বাচনী প্রচারের শুরু থেকেই নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে জানিয়েছেন টেরি।
টেরির ভোট জালিয়াতির খবর ফাঁস হয়ে যাওয়ার পর গতকাল ডোনাল্ড ট্রাম্প ৮ নভেম্বর নির্বাচনের দিনেই তাঁকে ভোট দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কলোরাডোয় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, আগাম ব্যালট পেপার নিয়ে তাঁর মনে সন্দেহ আছে।
কয়েক সপ্তাহ ধরে নির্বাচনে কারচুপি হবে বলে মাঠ গরম করেন ট্রাম্প। গত শুক্রবার মার্কিন তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কমি জানান, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের আরও গোপন ই-মেইলের সন্ধান পাওয়া গেছে। তা নিয়ে তদন্ত শুরু হবে। এরপর ট্রাম্প সুর নরম করেছেন। গতকাল রাতে তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে, আগে যতটা মনে করেছিলাম, নির্বাচন ততটা জালিয়াতিপূর্ণ হবে না।’

হ্যালোইন পার্টিতে হিলারি-ট্রাম্প হাত ধরে!


Image result for হিলারি-ট্রাম্প

বিতর্কে একে অন্যকে করলেন আক্রমণ; আর রাতের আঁধারে হাত ধরাধরি করে হ্যালোইন পার্টিতে! অনেকেরই চোখ ছানাবড়া, ঠিক দেখছি তো? ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিনটন একসঙ্গে পার্টি করে বেড়াচ্ছেন! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে নয় দিন। তার আগে হ্যালোইন পার্টির এই ছবি ইনস্টাগ্রামে ভাইরাল। সাজগোজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ‘ছবির হিলারি’ ক্যাপশনে লিখেছেন, ‘নির্বাচনের আগে একটু পার্টি হোক।’ তবে চিন্তিত হওয়ার কিছু নেই হিলারি-ভক্তদের। কারণ, হ্যালোইন পার্টিতে আসল হিলারি-ট্রাম্প নন, ছিলেন নকল হিলারি আর ট্রাম্প। নকল সাজে থাকলেও তাঁরা কিন্তু যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দুই তারকা। সংগীতশিল্পী কেটি পেরি আর তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা অরনাল্ডো ব্লুম ফন্দি করেই এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। আর তাঁদের এই নকল সাজ হ্যালোইন উৎসব উপলক্ষে। 


সোনালি চুল আর লাল স্যুট প্যান্টে কেটি পেরি যেন সত্যিই হিলারি হয়ে উঠেছিলেন। আর ডোনাল্ড ট্রাম্পের সাজে রুপালি চুলে থাকা অরনাল্ডো ব্লুমের মেকআপও ছিল দেখার মতো। শুধু নিজেরা নন, নকল এফবিআই ঘেরা নিরাপত্তাবেষ্টনীসহ পার্টিতে গিয়েছিলেন এই জুটি।
সূত্র: পিপল ও ম্যাশেবল

জয়, বাংলাদেশের জয়!



ঐতিহাসিক। গৌরবের। আনন্দের। বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্ত এনে দেওয়ার কি নয়? তারা ক্রিকেটের সবচেয়ে আদি দল, সবচেয়ে অভিজাত ইতিহাসের। সেই ইংল্যান্ডকে আজ টেস্টে হারিয়ে দিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৬৪ রানে অল আউট করে মিরপুর টেস্ট জিতল ১০৮ রানে। এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও এই জয়ের মাহাত্ম্য অন্য রকম। এ সময়ের অন্যতম সেরা দলকে হারানো বাংলাদেশকে টেস্ট ক্রিকেটেও এনে দেবে নতুন আত্মবিশ্বাস। 


শুরুটা করেছিলেন মেহেদী মিরাজ। শেষটা টেনে দিলেন সাকিব আল হাসান। এই দুইয়ের ঘূর্ণিতে পড়েই আর দাঁড়াতে পারল না ইংল্যান্ড। ৭৭ রানে ৬ উইকেট মিরাজের। ৪৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলা ইংল্যান্ড শেষ পর্যন্ত আর ৬৪ রান যোগ করতেই অল আউট হয়ে গেল। এক সেশনেই ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নিল বাংলাদেশ। 
অথচ চা বিরতির আগ পর্যন্তও কী অসহায় না লাগছিল বাংলাদেশ দলকে। ‘একটা উইকেট লাগবে, একটা উইকেট’। স্টাম্পের মাইক্রোফোন থেকে বারবার ভেসে আসছিল মুশফিকের আকুতি। একটা উইকেট পড়লেই যে ছন্দটা কেটে যায়। যে ছন্দে অনায়াসে বিনা উইকেটে ১০০ তুলে ফেলল ইংল্যান্ড!
সেই একটা উইকেট যখন পড়ল, শুরু হয়ে গেল উইকেটের বৃষ্টি; যা আর থামাতে পারেনি ইংল্যান্ড। দুই ইংলিশ ওপেনার ফিফটি করেছেন। অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল বেন স্টোকস (২৫)। বাকি আট ব্যাটসম্যান মিলে যোগ করেছেন মাত্র ১৮ রান!
একটা উইকেট পড়লেই ছন্দ যে কেটে যেত, সেটা বোঝা গেল চা বিরতির পর করা বাংলাদেশের দুই ওভারের প্রথম দুই বলে। প্রথমে মিরাজ, এরপর সাকিব। এই জোড়া আঘাতেই আশা জাগল বাংলাদেশের। কুকের সঙ্গে ওপেনিংয়ে ১০০ রান এনে দেওয়া ডাকেট ফিরলেন, খানিক পরে জো রুটও (১)। এরপর নিজের ১৫তম ওভারে মিরাজ একাই জোড়া আঘাত হানলেন। গ্যারি ব্যালেন্স (৫) ও মঈন আলী (০) ফিরলেন পরপর। মিরাজের পরে ওভারে আবারও উইকেট! এবার ফিরলেন একপ্রান্ত আগলে রাখা কুক।
শুরুতে কুক আর ডাকেট মিলে কিন্তু বেশ ভোগাচ্ছিলেন। ২৭৩ রানের কঠিন লক্ষ্যটা তখন মনে হচ্ছিল কী সহজ! বিশেষ করে ডাকেট সুইপ ও রিভার্স সুইপে বাংলাদেশি স্পিনারদের লাইন-লেংথ এলোমেলো করে দিয়েছেন। তাঁর কারণেই থিতু হতে পারেনি স্পিনাররা। মাহমুদউল্লাহ তখন হাত কামড়াচ্ছিলেন ইনিংসের পঞ্চম ওভারেই ডাকেটের সহজ ক্যাচ ফেলেছিলেন বলে।
কিন্তু ওই ‘একটা উইকেটে’র আঘাতই ডমিনো এফেক্ট এনে দিল। বিনা উইকেটে ১০০ থেকে ৫ উইকেটে ১২৭। মাত্র ২৭ রানের মধ্যে প্রথম ৫ ব্যাটসম্যানকে হারাল ইংল্যান্ড। 
বারবার উদ্ধার করা ইংলিশ লোয়ার-মিডল অর্ডার এবারও ভোগানোর ইঙ্গিত দিচ্ছিল। স্টোকস আর বেয়ারস্টো মিলে যখন ২২ রান তুলে ফেললেন সপ্তম উইকেট জুটিতে। বেয়ারস্টোকে ফিরিয়ে চার ইনিংসে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পূর্ণ করলেন।
এখান থেকেই শুরু সাকিবের জাদু। সাকিবের এক ওভারেই ফিরলেন স্টোকস, আদিল রশিদ ও আনসারি। মিরাজ শেষটা টেনে দিলেন স্টিভেন ফিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। উৎ​সবে মাতোয়ারা বাংলাদেশ!
চট্টগ্রাম টেস্টের ২২ রানের আক্ষেপ কি ঘুচল? ১৩ বছর ধরে পুষে রাখা মুলতানের সেই কষ্টও? চট্টগ্রামে ২৩ রানের দূরত্বটা ঘুচিয়ে দিতে পারলে কিন্তু সিরিজের ফলটা ২-০ হতো!

Thursday, October 27, 2016

কেটের নগ্ন-বক্ষা ছবি প্রকাশের দায়ে...


ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের নগ্ন-বক্ষা ছবি ছাপানোর দায়ে ফ্রান্সে ছয়জনের বিচার শুরু হচ্ছে। ২০১২ সালে প্রিন্স উইলিয়ামের পত্নী কেটের এই ছবি প্রকাশ করা হয় বলে ব্রিটিশ দৈনিক দ্য মিররের এক প্রতিবেদনে জানানো হয়।


অভিযুক্ত ব্যক্তিদের ফ্রান্সের ব্যক্তিগত আইনে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন আঞ্চলিক ফরাসি দৈনিক ল্যা প্রঁভোস, ক্লোজার ম্যাগাজিন, ইতালির বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘আর্নেল্দো মন্দাদরি এদিতরে’র জ্যেষ্ঠ কর্মকর্তারা।
উইলিয়াম ও কেট ২০১২ সালে অবকাশযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণের লুবেয়োঁতে এসেছিলেন। তখনই তাঁদের বাড়ির ব্যালকনিতে থাকা অবস্থায় কেট মিডলটনের নগ্ন-বক্ষা ছবিটি তোলা হয়। এই রাজদম্পতি যখন দক্ষিণ-পূর্ব এশিয়ায় গিয়েছিলেন, তখনই ছবিগুলো প্রকাশ করা হয়। সে সময় ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র বলেন, এই ছবি প্রকাশ প্রিন্সেস ডায়ানার বিষয়ে পাপারাজ্জিদের নোংরা আচরণের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আগামী বছর কেটের ছবি প্রকাশের দায়ে বিচার শুরু হচ্ছে।

Pages

 

Sample text

Sample Text

 
Blogger Templates